নিজস্ব প্রতিবেদন: যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও অতিরিক্ত ভিডিও গেম আসক্তি থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।
নিজের বক্তব্যে মোঃ সোহেল রানা বলেন, একজন সাবেক ক্রীড়াবিদ এবং রাজনৈতিক কর্মী হিসেবে তরুণদের সুস্থ জীবনধারা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মনে করেন, বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদক, অনলাইন জুয়া এবং অতিরিক্ত ভিডিও গেমের কারণে শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
তিনি বলেন, “যুবসমাজকে ধ্বংসাত্মক প্রবণতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা তৈরি জরুরি। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও কর্মমুখী কার্যক্রম তরুণদের সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এ সময় তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তার ভাষায়, “ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও ভিডিও গেম আসক্তি থেকে দূরে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং একটি সচেতন ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
