আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ (আজাদ)-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাথে আছেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দিল্লি সফরে শেখ হাসিনার সাথে বৈঠকের পাশাপাশি নেতাকর্মীরা তার সঙ্গে একযোগে বাংলাদেশে ফেরার যৌথ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। যাত্রার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, আন্তর্জাতিক অঙ্গনে দলের কার্যক্রম জোরদার রাখার পাশাপাশি তারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময় তার সঙ্গে সরাসরি বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দিল্লিতে আয়োজিত এই বৈঠকে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
