ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) নতুন পুলিশ অফিসার হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন তরুণ। তাঁরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার মনসুর আলম নাসিম, মোহাম্মদ ওমর এবং আরিফুল ইসলাম।
গত সোমবার (৯ নভেম্বর) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এক জমকালো গ্র্যাজুয়েশন ও শপথ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুলিশ বাহিনীতে যোগ দেন তাঁরা। একই এলাকার তিন তরুণের এমন অর্জনে তাঁদের পরিবার, স্বজন এবং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে।
স্থানীয় সূত্র ও প্রবাসী সংবাদমাধ্যম বৈরাগীবাজার নিউজের তথ্যমতে, মনসুর আলম নাসিম বিয়ানীবাজারের আরিজখাঁটিল্লা গ্রামের আজিজুর রহমানের সর্বকনিষ্ঠ ছেলে। মোহাম্মদ ওমর খশির সড়ক ভাঙণী এলাকার আব্দুল মতিনের ছেলে এবং আরিফুল ইসলাম খশিরবন্দ (কইরবন্দ) গ্রামের সুনাহর আলীর ছেলে। একসঙ্গে একই এলাকার তিন তরুণের নিউইয়র্ক পুলিশে যোগদানের খবরে নিজ এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ওই অনুষ্ঠানে ছয় মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ শেষে মোট ৯৫৯ জন নতুন পুলিশ অফিসারকে স্বাগত জানায় এনওয়াইপিডি। প্রশিক্ষণকালে তাঁরা আইন প্রয়োগ, শারীরিক সক্ষমতা, অস্ত্র পরিচালনা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ নতুন সদস্যদের উদ্দেশে বলেন, দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যবাহী এই বাহিনীর সুনাম ও জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব এখন নতুনদের কাঁধে। সততা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতি অবিচল থেকে নিউইয়র্কবাসীর সেবা করার আহ্বান জানান তিনি।
এদিকে বিয়ানীবাজারের এই তিন তরুণের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্ক পুলিশে কর্মরত কর্নেল বিলাল উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, নতুন এই তিনজনসহ বৈরাগীবাজার এলাকার মোট আটজন বর্তমানে এনওয়াইপিডির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এ ছাড়া একই এলাকার আরও কয়েকজন নিউইয়র্কের সংশোধন বিভাগ ও ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগে সুনামের সঙ্গে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এই পুলিশ বাহিনীতে বাংলাদেশি তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণ প্রবাসী কমিউনিটির জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রবাসীরা এখন মূলধারার সরকারি ও জনসেবামূলক পেশায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করছেন। নাসিম, ওমর ও আরিফুল সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন—এমনটাই প্রত্যাশা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।
