নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ করেছেন তিনি। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে নুসরাত তাবাসসুম ফোন করে বাড়িতে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে অবস্থান করে।
অগ্নিকাণ্ডের পর নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
তবে পেট্রোল বোমা হামলার অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আলামত পায়নি পুলিশ। ওসি মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি। আগুন কীভাবে লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ সম্পর্কে কোনো মতামত দেয়নি। অন্যদিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
