নিজস্ব প্রতিবেদক
একবার নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। এবারও নির্বাসন থেকে ফিরে বাংলাদেশের রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তন এবং আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা সামনে এসেছে ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বইকে কেন্দ্র করে।
সোনিয়া গান্ধী লিখেছেন, ‘শেখ হাসিনার সাথে প্রথম দেখা যখন তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ভারতে নির্বাসনে ছিলেন। তারপর তিনি দেশে ফিরে যান ও ৪ বার প্রধানমন্ত্রী হন। তিনি আবারও বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন, অনেকে বলছেন তার রাজনীতির ইতি কিন্তু কে জানি আবারও অতীতের পুনরাবৃত্তি ঘটবে কী না! সেটাতে অবাক হওয়ার কিছু নেই।
সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশিত হয়েছে ১০ নভেম্বর। ৫৪৪ পৃষ্ঠার বইটিতে নিজের ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের রাজনৈতিক ইতিহাস এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণা করেছেন তিনি। এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গও এসেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। সে সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর তাঁরা ভারতে আশ্রয় নেন। দীর্ঘ নির্বাসিত জীবনের পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
দেশে ফেরার পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৯ সালে দ্বিতীয়বার সরকার গঠনের পর টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তাঁর সরকারের পতন হলে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আবারও নির্বাসন থেকে প্রত্যাবর্তন?
শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সঙ্গে নির্বাসন ও প্রত্যাবর্তনের ইতিহাস নতুন নয়। ১৯৭৫ সালের রাজনৈতিক বিপর্যয়ের পর দেশ ছাড়তে বাধ্য হলেও ১৯৮১ সালে তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন। প্রায় চার দশক পর ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে আবারও তাঁকে দেশ ছাড়তে হয়েছে।
তবে এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল। ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তিনি এ রায় প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে ফিরতে গিয়ে গ্রেপ্তার, কারাবাস কিংবা মৃত্যুর ঝুঁকি থাকলেও তিনি ফিরতে চান। তবে তাঁর প্রত্যাবর্তনের পথ ও রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক
শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কও ছিল ঘনিষ্ঠ।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার ভারতে অবস্থানের সময় গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের সঙ্গে শেখ হাসিনা ও তাঁর পরিবারের যোগাযোগের বিষয়টি দুই পরিবারের সম্পর্কের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
পরবর্তী সময়ে সোনিয়া গান্ধীর সঙ্গেও শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগ বজায় থাকে। বিভিন্ন সময়ে নির্বাচনী বিজয়ে অভিনন্দন জানিয়ে সোনিয়া গান্ধী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেছেন তিনি।
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঠানো এক বার্তায় সোনিয়া গান্ধী মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা এবং বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি ১৯৭১ সালকে বাংলাদেশ ও ভারতের জন্য রূপান্তরমূলক বছর হিসেবে উল্লেখ করেন।
