নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
পুলিশ জানায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই প্রতিষ্ঠানে কাজ করেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ আলী তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে পলাশ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোর উপজেলার যারা দায়িত্বশীল, তাদের জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
