নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জজ আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, ইউএনও কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়কে ঘিরে সিরিজ ককটেল হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে এসব স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ এবং সহকারী জজ আদালতের গেটসংলগ্ন দেয়ালের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে পৃথক দুটি স্থানে বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, এর দুই দিন আগে যশোর শহরের নিউমার্কেট, আরবপুর, চাঁচড়াসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে গুজব বলে দাবি করা হয়েছিল। এর প্রতিবাদে ফের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন একাধিক ব্যক্তি। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
