ফোরটিন ডেস্ক : আসন্ন শীত মৌসুমে তীব্র ঠান্ডার কবল থেকে গৃহহীন মানুষের জীবন বাঁচাতে নতুন করে ২ কোটি ৫০ লাখ ডলার (আড়াই কোটি ডলার) বিশেষ বরাদ্দ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি প্রশাসন। গত ৯ নভেম্বর নগরীর মেয়র জোহরান মামদানি এই মানবিক কর্মসূচির ঘোষণা দেন। এই উদ্যোগের আওতায় অতিরিক্ত ৮০০টি শেল্টার বেড, বিশেষ উষ্ণ বাস, ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা এবং তিন শতাধিক অতিরিক্ত কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় জানিয়েছে, নতুন এই অর্থায়নে শহরের জরুরি শীতকালীন সহায়তা কর্মসূচি ‘কোড ব্লু’-এর পরিধি আরও বাড়ানো হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত ও বরফ জমার পরিস্থিতিতে সাবওয়ে স্টেশন, পার্ক, ফুটপাত এবং খোলা স্থানে রাত কাটানো মানুষকে দ্রুত খুঁজে বের করে নিরাপদ আশ্রয় ও চিকিৎসাসেবা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
পরিকল্পনা অনুযায়ী, শহরের পাঁচটি বরোতে অতিরিক্ত ৩০০ জনের বেশি আউটরিচ কর্মী মোতায়েন করা হবে। তাঁরা হেঁটে ও গাড়িতে ঘুরে গৃহহীন মানুষের খোঁজ নেবেন। প্রশাসনের হিসাবমতে, এই কার্যক্রমের মাধ্যমে চিহ্নিত প্রায় ৭৫ শতাংশ স্থান সরাসরি নজরদারির আওতায় আসবে। এ ছাড়া তালিকাভুক্ত ব্যক্তিদের বাইরে পথে পাওয়া যেকোনো আশ্রয়হীন মানুষকেও তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।
শীতের রাতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা বাড়াতে এক ও দুই ব্যক্তির থাকার উপযোগী ৬০০টির বেশি কক্ষ যুক্ত করা হচ্ছে, যেখানে মোট ৮০০ জনের থাকার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পরিস্থিতি বেশি খারাপ হলে শহরজুড়ে ২০টি বিশেষ উষ্ণ বাস চালু করা হবে। ডিপার্টমেন্ট অব হোমলেস সার্ভিসেসের অধীনে আটটি ড্রপ-ইন সেন্টার এবং নতুন চারটি ওয়ার্মিং সেন্টারও সার্বক্ষণিক চালু রাখা হবে।
আশ্রয়ের পাশাপাশি রাস্তায় থাকা অসুস্থ মানুষদের জন্য চিকিৎসাসেবাও জোরদার করা হচ্ছে। এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের সর্বোচ্চ ৫৫টি মোবাইল মেডিকেল ইউনিট মাঠে থাকবে। প্রতিটি ইউনিটে থাকা নিবন্ধিত নার্স বা নার্স প্র্যাকটিশনাররা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে রোগীদের হাসপাতাল বা উষ্ণ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেবেন। জরুরি পরিস্থিতিতে অন্তত তিনটি হাসপাতাল উষ্ণ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, যা পরিস্থিতিভেদে ১১টি পর্যন্ত বাড়ানো হতে পারে।
এ ছাড়া সামাজিক সেবা কর্মসূচির আওতায় থাকা প্রায় ১২ হাজার প্রবীণ ও অসুস্থ বাসিন্দার বাসায় পর্যাপ্ত হিটিং ব্যবস্থা ও জরুরি সামগ্রী ঠিক আছে কি না, তাও তদারকি করবে প্রশাসন। তুষারপাতের সময় সড়ক ও ফুটপাত সচল রাখতে ডিপার্টমেন্ট অব স্যানিটেশন দুই হাজারের বেশি বরফ অপসারণকারী যানবাহন এবং শত শত লবণ ছিটানোর গাড়ি প্রস্তুত রেখেছে।
মেয়র জোহরান মামদানি বলেন, শীতের বিপদ শুরু হওয়ার আগেই প্রশাসন পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, যাতে প্রচণ্ড ঠান্ডায় কোনো নিউইয়র্কবাসী একা ও অসহায় অবস্থায় না থাকেন। একই সঙ্গে রাস্তায় কোনো গৃহহীন মানুষকে বিপজ্জনক অবস্থায় দেখলে ৩১১ নম্বরে এবং জীবনহানির আশঙ্কা থাকলে ৯১১ নম্বরে কল করে প্রশাসনকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
