ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ কুইন্সি হাইস্কুলের বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মাইসারাহ রহমানের অভাবনীয় বৈজ্ঞানিক গবেষণায় মুগ্ধ হয়েছেন অঙ্গরাজ্যটির সিনেটর জন এফ কিনান। বোস্টনের স্টেট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিজের গবেষণাপত্র উপস্থাপন করলে মাইসারাহর কাজের গভীরতা ও মান দেখে ভূয়সী প্রশংসা করেন সিনেটর। হাইস্কুল পর্যায়ের একজন শিক্ষার্থীর এই কাজকে স্নাতকোত্তর পর্যায়ের গবেষণার সঙ্গে তুলনা করে তিনি মন্তব্য করেন, এমন মেধাবী ও পরিশ্রমী তরুণদের হাতেই ভবিষ্যৎ নিরাপদ।
সম্প্রতি নিজের অক্টোবর মাসের কার্যক্রমের বিবরণ দিতে গিয়ে এই অনন্য অভিজ্ঞতার কথা তুলে ধরেন সিনেটর জন কিনান। গত ৩ নভেম্বর প্রকাশিত তাঁর মাসিক নিউজলেটারে জানানো হয়, অঙ্গরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন কৃতী ব্যক্তিত্বকে তাঁদের বিশেষ অর্জনের স্বীকৃতি দিতে স্টেট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদেরই একজন ছিলেন মাইসারাহ রহমান। ম্যাসাচুসেটস বিজ্ঞান ও প্রকৌশল মেলার অংশ হিসেবে তিনি সেখানে নিজের উদ্ভাবনী গবেষণা প্রকল্পটি তুলে ধরেন।
ম্যাসাচুসেটস বিজ্ঞান ও প্রকৌশল মেলার আঞ্চলিক নথি অনুযায়ী, মাইসারাহর আলোচিত গবেষণা প্রকল্পটির নাম ‘ইন্ট্রোডিউসিং ভালস্যাল’। এই প্রকল্পে মহাকাশে দীর্ঘ সময় অবস্থানরত নারী নভোচারীদের শারীরিক চ্যালেঞ্জ—বিশেষ করে ঋতুস্রাব নিয়ন্ত্রণ এবং মহাকাশের পরিবেশে হাড়ের খনিজ ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ ধরনের হরমোনভিত্তিক জরায়ু-অভ্যন্তরীণ গর্ভনিরোধক ব্যবস্থা বা আইইউডির (IUD) নকশাভিত্তিক ধারণা উপস্থাপন করা হয়েছে। এটি একটি মৌলিক গবেষণা ও নকশাভিত্তিক বৈজ্ঞানিক প্রস্তাবনা।
এ ছাড়া ২০২৬ সালের ম্যাসাচুসেটস হাইস্কুল বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক পুরস্কার তালিকায়ও জায়গা করে নিয়েছেন মাইসারাহ রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে তাঁর অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ খ্যাতনামা ‘ওয়েন্টওর্থ ইনস্টিটিউট অব টেকনোলজি’-র ‘মোমেন্টাম ল্যাব’ গ্রীষ্মকালীন শিক্ষাকর্মসূচির মর্যাদাপূর্ণ বৃত্তির জন্যও তিনি নির্বাচিত হয়েছেন।
সিনেটর জন কিনান বলেন, মাইসারাহর মতো তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহ আগামীর পৃথিবীর জন্য এক ইতিবাচক বার্তা বহন করে। প্রবাসের মাটিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর এই অসামান্য অর্জন নর্থ কুইন্সি হাইস্কুলের পাশাপাশি পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে গর্বিত করেছে।
