নিজস্ব প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ভাই হাজী সিরাজের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ ২৯ জুন সোমবার দুপুরে আসামিরা উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, কারাগারে পাঠানো আসামিরা হলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিন, যুবদলকর্মী মোশারফ হোসেন, মো. আসিফ, আরিফ শুভ, নীরব, বেলাল হোসেন, দাউদুল ইসলাম ও মো. সৌরভ। তারা সবাই সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
সোনাগাজী থানা পুলিশ জানায়, গত ২ মার্চ রাতে উপজেলার সোনাপুর গ্রামে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ছোট ভাই হাজী সিরাজের ঘরে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় বাড়িটিতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার পরদিন হাজী সিরাজের স্ত্রী বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন।
আসামিরা ওই মামলায় উচ্চ আদালত থেকে এতদিন অস্থায়ী জামিনে ছিলেন। আজ সোমবার ফেনী জেলা আদালতে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সাইফুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
