নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকেই জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ও আশপাশের এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মহাসড়কে নেমে আসেন। টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে তাঁরা সড়ক অবরোধ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সেখানকার ইসলাম গার্মেন্টস ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। চলমান এই অস্থিরতার জেরে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে বুঝিয়ে তাঁদের সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরই বিক্ষুব্ধ শ্রমিকরা আবারও মহাসড়কে অবস্থান নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিজিবি, এসআরবি ও থানা-পুলিশ কাজ করছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
