ফোরটিন ডেস্ক : দীর্ঘ সতেরো বছরের ক্ষমতার রাজনৈতিক সমীকরণে তৈরি হওয়া অভ্যন্তরীণ দূরত্ব ও বিরোধ দূর করতে সাভারের রাজনীতিতে এসেছে নতুন বড় পরিবর্তন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে মান-অভিমান ভুলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাভার ও আশুলিয়ার চার শীর্ষ নেতা। সাভার-আশুলিয়া অঞ্চলে দলকে নতুন করে গোছাতে এবং রাজপথে অবস্থান জোরদার করতে তাঁদের এই ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ঐক্যবদ্ধ হওয়া এই চার নেতা হলেন—সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ভিপি মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জিএস ফারুক হাসান তুহিন এবং সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায়ের আলোচনার পর এই চার নেতা দলের সার্বিক সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়াতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র জানায়, সাভার ও আশুলিয়ার রাজনৈতিক স্থবিরতা কাটাতে সরাসরি দিকনির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি চার নেতার সাথে বিশেষ আলোচনায় অতীতের সব মতভেদাভেদ ও তিক্ততা ভুলে একসঙ্গে রাজপথে ভূমিকা রাখার আহ্বান জানান। নেত্রীর এই নির্দেশনার পর নেতারা সাফ জানিয়ে দেন, দলের প্রয়োজনে এবং সাভারে সাংগঠনিক অবস্থান ধরে রাখতে তাঁরা অতীত দূরত্ব ভুলে একসূত্রে কাজ করবেন। একই সঙ্গে দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী কর্মীদের মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে।
সাভার ও আশুলিয়া অঞ্চলে এই চার নেতার পৃথক কর্মী বাহিনী ও নিজস্ব রাজনৈতিক অনুসারী রয়েছে। অতীতে তাঁদের আলাদা অবস্থান নিয়ে তৃণমূলে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল, নতুন এই সমঝোতার মাধ্যমে তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন স্থানীয় কর্মীরা। চার নেতার এই ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ার পর সাভারের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে নতুন করে চাঙ্গা ভাব তৈরি হয়েছে।
