ফোরটিন ডেস্ক : উন্নত জীবনযাপন, উচ্চ বেতন এবং চমৎকার ক্যারিয়ারের আশায় স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন বহু তরুণ। তবে সেই মোহভাঙার এক করুণ চিত্র তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী সুহাস ও প্রিয়াঙ্কা নামের এক প্রবাসী দম্পতি। ভারতীয় তরুণদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তাঁরা সরাসরি পরামর্শ দিয়েছেন— ‘আমেরিকায় আসবেন না, নিজ দেশেই নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কনটেন্ট ক্রিয়েটর দর্শনার একটি ভিডিওতে মুখ খোলেন এই দম্পতি। নিজেদের দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা টেনে সুহাস বলেন, “আমরা যখন যুক্তরাষ্ট্রে এসেছিলাম, তখনকার ভারতের পরিস্থিতি আর আজকের ভারতের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আগে ভারতে ভালো কাজ পাওয়া কঠিন ছিল, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সমকক্ষ বা তার চেয়েও ভালো সুযোগ ভারতেই তৈরি হচ্ছে।” প্রিয়াঙ্কা যোগ করেন, বিশ্বজুড়ে বড় বড় বিনিয়োগকারীরা এখন ভারতের বাজার ও ব্যবসার দিকে ঝুঁকছেন, তাই দেশে থেকেই ভালো করার সুযোগ এখন অনেক বেশি।
উজ্জ্বল ক্যারিয়ারের পেছনে দৌড়াতে গিয়ে যে মানসিক মূল্য চোকাতে হয়, তা নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেন সুহাস। পরিবার, স্বজন ও শৈশবের বন্ধুদের ছেড়ে ভিনদেশে একদম শূন্য থেকে শুরু করার পথটা মোটেই সহজ নয়। তিনি আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করার পরও প্রবাসে নিজেদের ‘আপন’ বলে মনে হয় না। সুযোগ থাকলে তিনি কাল বিলম্ব না করে নিজের দেশে ফিরে যেতেন।
কথোপকথনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে যুক্তরাষ্ট্রে পড়তে আসা চীনা শিক্ষার্থীদের একটি বড় ধরনের বৈষম্য তুলে ধরেন এই দম্পতি। তাঁরা জানান, চীনের তরুণরা বিদেশে উচ্চশিক্ষা নিতে আসলেও জ্ঞান ও দক্ষতা অর্জন শেষে নিজ দেশে ফিরে যান এবং দেশের অর্থনীতি ও প্রযুক্তিতে অবদান রাখেন। ভারতীয় তরুণদের মধ্যেও এই মানসিকতা তৈরি হওয়া উচিত বলে তাঁরা মনে করেন। দেশেই যখন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন প্রবাসের মরিচীকার পেছনে না ছুটে শিকড় আঁকড়ে থাকার এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
