নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া প্রধান সারোয়ার তুষারের ২০১৯ সালের একটি আবেগঘন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে সাংবাদিক ও লেখক বিথী সপ্তর্ষির প্রতি ভালোবাসার কথা বলতে দেখা গেছে তুষারকে।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে সারোয়ার তুষারকে বলতে শোনা যায়, আমি সারোয়ার তুষার এই মর্মে মগবাজারে দাঁড়িয়ে, রাত বাজে ১১টা, এই নিশ্চয়তা দিচ্ছি যে আমার শুধু বিথীকেই দরকার। বিথী যদি মনে করে যে তার সাথে থাকতে দেবে না, আলাদা ঘরে আমি থাকব; আই অ্যাম ফাইন উইথ দ্যাট।
তিনি আরও যোগ করেন, আমি যদি চাই বিথীর সাথে থাকতে, বিথীর সাথে জীবন পার করতে—ইট ইজ আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই। এবং এটা আমি অন রেকর্ড বললাম। আমি প্রমাণ করব, যারা বলছে এগুলো দুই-তিন দিন পর কী হয়ে যায়, আমি তাদের ভুল প্রমাণ করব।
ভিডিও প্রকাশকারী নীলা ইসরাফিল জানান, ফুটেজটি ২০১৯ সালের। ভিডিওতে উল্লিখিত ‘বিথী’ হলেন বিথী সপ্তর্ষি, যিনি পেশায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক গণমাধ্যম নেত্র নিউজের বিশেষ প্রতিনিধি ও নারীবাদী অধিকারকর্মী।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের লিখিত অভিযোগ এনেছিলেন এই নীলা ইসরাফিলই। ওই সময় অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিপি থেকে তুষারকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল। পরবর্তীতে তিনি পুনরায় দলে ফিরে এসে বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া প্রধানের দায়িত্ব পালন করছেন।
