নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের নাগরপুরে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ‘কিশোর গ্যাং’-এর প্রধান এনাম জাবির ওমিও (২১)-সহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এনাম নাগরপুর থানা বিএনপির কার্যকরী সদস্য রুহুল আমিনের ভাগ্নে।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন—গয়হাটা গ্রামের আজগর আলীর ছেলে মোঃ মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মোঃ জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের নেতৃত্বে গঠিত এই গ্যাংটি দীর্ঘদিন ধরে নাগরপুরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ রকমারি অপকর্ম চালিয়ে আসছিল। অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলাও রয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
