নিজস্ব প্রতিবেদক
মিথ্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পুলিশ তাকে আদালতে হাজির করলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশারফ হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি। এর আগে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হওয়ার দিন আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিয়া বাদী হয়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যা মামলা দায়ের করেন।
পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে আল আমিন হত্যা ও গুমের মামলা এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ মোট ১২টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
