নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তাঁর অসুস্থ বাবা ও মা।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে তাঁর মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় ছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করেন মাহিন সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেট্রলবোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে বাড়ি বা কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাহিন সরকার জানান, ঘটনার পর বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর কথা হয়েছে।
বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে আলামত হিসেবে পেট্রল বহন করা ছোট একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাচের টুকরা বা পেট্রলবোমার অন্য কোনো আলামত পাওয়া যায়নি।
