ফোরটিন ডেস্ক : আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ও একাধিক মামলার বিচার কার্যকর করতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার আনুষ্ঠানিক দাবি জানালেও, তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরে আসুন তা ক্ষমতাসীন বিএনপি সরকার আদৌ চায় কি না, তা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বরেই জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার অনড় অবস্থানের পর থেকেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃশ্যত বড় ধরনের কৌশলগত চাপে পড়েছে।
২০২৪ সালের ৫ই আগস্ট সামরিক বিমানে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে ফেরাতে কূটনীতির টেবিলে আলোচনা চলছিল। তবে চলতি বছরের শুরুতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জোরালো করা হলেও বাস্তবে তাঁর দেশে ফেরার পথ সম্পূর্ণ রুদ্ধ করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর শেখ হাসিনার কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় তিনি বর্তমানে রাষ্ট্রহীন নাগরিকের মতো পাসপোর্টবিহীন অবস্থায় রয়েছেন। ফলে সীমান্ত দিয়ে সাধারণ নাগরিক হিসেবে ফিরতে হলেও তাঁর জন্য বাংলাদেশ সরকারের ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ পাসের প্রয়োজন।
তবে শেখ হাসিনাকে এই ট্রাভেল পাস দিতে সাফ অস্বীকৃতি জানিয়েছে বিএনপি সরকার। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট জানিয়েছেন, সাধারণ পর্যটকের মতো শেখ হাসিনাকে কোনো ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে না। সরকারের দাবি, ২০১৩ সালের দ্বিপক্ষীয় বন্দিবিনিময় বা প্রত্যার্পণ চুক্তির আওতায় অপরাধী হিসেবে ভারত সরকারকে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদও দিল্লিকে কূটনৈতিক চিঠির মাধ্যমে একই অনুরোধ জানানোর কথা জানিয়েছেন।
তবে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে ভারতকে দিয়ে শেখ হাসিনাকে ফেরত আনা প্রায় অসম্ভব। চুক্তির নির্দিষ্ট ধারায় বলা রয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যদি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বা ‘সরল বিশ্বাসে’ দায়ের না হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট দেশ প্রত্যার্পণের আবেদন খারিজ করে দিতে পারে। ভারত শুরু থেকেই শেখ হাসিনাকে একজন উচ্চ মর্যাদাসম্পন্ন রাজনৈতিক নেতা হিসেবে আতিথ্য দেওয়ায় তারা এই ধারা প্রয়োগ করে তাঁকে হস্তান্তর করবে না বলেই মনে করেন বিশ্লেষকেরা।
এমন বাস্তবতায় শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার অনড় ঘোষণাকে একটি বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক পাল্টা চাল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, ট্রাভেল পাস না পেলে শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে পারবেন যে, তিনি বিচারের মুখোমুখি হতে স্বেচ্ছায় প্রস্তুত ছিলেন কিন্তু বিএনপি সরকারই ভীতি থেকে তাঁকে দেশে ঢুকতে দেয়নি। আবার কোনো নথিপত্রের তোয়াক্কা না করে সীমান্ত পয়েন্টে সমর্থকদের নিয়ে হাজির হলে তা সামাল দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
বিদেশে অবস্থানরত সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আন্তর্জাতিক গণমাধ্যমে স্পষ্ট করেছেন যে, দল পুনর্গঠন সম্পন্ন করে দলনেত্রী ডিসেম্বরেই ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন। এদিকে দেশে নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মধ্যেও ঝটিকা মিছিল ও মাঠপর্যায়ের তৎপরতায় আওয়ামী লীগের সক্রিয়তা সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের স্পষ্ট মূল্যায়ন মুখে প্রত্যর্পণের আওয়াজ তুললেও শেখ হাসিনা মুক্ত বা স্বউদ্যোগী রাজনীতিক হিসেবে রাজপথে পা রাখুন, এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি কোনোভাবেই চায় না বিএনপি।
