ফোরটিন ডেস্ক : বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ তৈরিতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস একটি সম্ভাব্য রোডম্যাপ বা রূপরেখা উপস্থাপন করেছেন বলে দাবি করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম ‘নর্থইস্ট নিউজ’। ১৯ নভেম্বর প্রকাশিত সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রস্তাবিত ওই রূপরেখায় খলিলুর রহমানের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি রয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার, ঢাকাস্থ মার্কিন দূতাবাস কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বক্তব্য পাওয়া যায়নি।
১৮ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক
নর্থইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত পিটার হাস গত ১৪ নভেম্বর ঢাকায় আসেন। ঢাকায় অবস্থানকালে তিনি বিভিন্ন কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৮ নভেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজ বৈঠকে পিটার হাস বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তী নির্বাচনের রূপরেখা তুলে ধরেন। ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডার কূটনীতিকেরাও উপস্থিত ছিলেন বলে সংবাদমাধ্যমটির আগের দিনের (১৮ নভেম্বর) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। প্রস্তাবিত রূপরেখায় আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে দলটির একটি অংশকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়েছে।
খলিলুর রহমানের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ও কূটনৈতিক তৎপরতা
নর্থইস্ট নিউজের দাবি অনুযায়ী, পিটার হাসের অনুরোধে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান ১৫ নভেম্বর ঢাকায় আসেন। প্রস্তাবিত রূপরেখায় তাঁর নেতৃত্বে একটি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা বলা হলেও এ ধরনের সরকারের গঠনপ্রক্রিয়া, মেয়াদ বা নির্বাচনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইয়ুইন, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাংবাদিকদের জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতেই তিনি এসেছিলেন।
প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থানের বিষয়টিও তুলে ধরা হয়েছে। নর্থইস্ট নিউজের দাবি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১০ দিন ধরে সশস্ত্র বাহিনীর নিজস্ব কর্মসূচি ও আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নেননি; এমনকি মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে মার্কিন মেরিন কোরের একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেননি। পিটার হাসের সাম্প্রতিক সফরেও সেনাপ্রধানের সঙ্গে তাঁর বৈঠক না হওয়ায় সম্ভাব্য এই রাজনৈতিক উদ্যোগে সেনাবাহিনীর অবস্থান কী হবে, তা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি সামনে এসেছে।
এই প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন, ঢাকা বা সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি
