নিজস্ব প্রতিবেদক
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মব ও ভাঙচুরের অভিযোগের পর প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে বনানীতে টেলিভিশনটির কার্যালয় থেকে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।
বৈশাখী টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়। লাইভে এক প্রতিবেদককে আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যায়, একদল লোক টেলিভিশনটির ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করছে। এ সময় একটি কক্ষের বারান্দা থেকে নিচে জড়ো হওয়া লোকজনকে দেখিয়ে নিউজরুমে হামলার অভিযোগ করা হয়। সাদা শার্ট পরা এক ব্যক্তিকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে বলেও লাইভে দাবি করা হয়।
ঘটনার সূত্রপাত হয় টেলিভিশনটির ডিজিটাল বিভাগের প্রধান নাহিয়ানকে চাকরিচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে জানা গেছে, চাকরিচ্যুতির পর নাহিয়ান স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে টেলিভিশনটির কার্যালয়ে যান। সেখানে ডিএমডি টিপু আলম মিলনকে হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নামও এসেছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলার আসামি ওই কার্যালয়ে আছেন। তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসছে পুলিশ।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মব করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘মব করলেও আমরা বলছি, এখানে মবের কোনো সুযোগ নেই। মামলার আসামি, সে গ্রেপ্তার হবে। আপনারা চলে যান।’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন বলেন, বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে বনানী থানায় নেওয়া হয়েছে।
এদিকে নাহিয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হামলা ও ভাঙচুরের অভিযোগ এবং চাকরিচ্যুতির ঘটনা নিয়ে সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
