নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সাহস অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে এই সংসদ সদস্য নিজে মুখে এ কথা স্বীকার করেন।
টকশোতে আব্দুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের সাহস যে কম, এটা আমরা কখনও বলিনি। তাদের সাহস অনেক বেশি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় যখন তীব্র আন্দোলন চলছিল, তখনো ৩ তারিখে তারা সাহসের সাথে রাজপথে ছিল।
তিনি আরও উল্লেখ করেন যে, গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কৌশলগত কারণে জামায়াত, এনসিপি এবং বিএনপির সাথে মিশে ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা যখন মনে করছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন, তখন তারা আবারও সংগঠিত হয়ে মাঠে নেমে আসার জোর চেষ্টা চালাচ্ছে।
তৃণমূলের এই সাহসের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, মাঠপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে এখনও প্রস্তুত রয়েছে, যা তাদের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা থেকেই স্পষ্ট হচ্ছে।
