আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নগর পুলিশের (এনওয়াইপিডি) যে বিশেষ কৌশলগত ইউনিটটি বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছেন, মেয়র হওয়ার আগে অন্তত দুবার সেই ইউনিটের হাতেই জিপ-টাই দিয়ে হাত বাঁধা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পুরোনো ছবি ও ভিডিও ফুটেজে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
গত সোমবার মেয়র মামদানি ঘোষণা দেন, এনওয়াইপিডির বিতর্কিত ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি বা SRG)-কে বিদ্যমান একটি কাউন্টার-টেররিজম কমান্ডের সঙ্গে একীভূত করা হবে এবং ইউনিটটি আর কোনো বিক্ষোভ-আন্দোলনে দায়িত্ব পালন করবে না। মেয়রের এই ঘোষণায় পুলিশ বাহিনীর ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এবং সাধারণ পুলিশ সদস্যদের সংগঠনগুলোর পক্ষ থেকে নগরীর নিরাপত্তা নিয়ে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
‘ক্রেইনস নিউইয়র্ক বিজনেস’-এর এক প্রতিবেদনে প্রথম জানানো হয় যে, গ্রেসি ম্যানশনে মেয়রের সরকারি বাসভবনে ওঠার কয়েক বছর আগে এসআরজি কর্মকর্তাদের হাতে জোহরান মামদানির আটক হওয়ার অন্তত দুটি ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। তবে ইউনিটটি বিলুপ্ত করার ঘোষণায় নিজের অতীতের এসব অভিজ্ঞতার কথা উল্লেখ করেননি তিনি।
সংবাদমাধ্যম ‘এবিসি সেভেন’ (ABC7)-এর ধারণকৃত ফুটেজে দেখা যায়, ২০২৪ সালের জুনে—যখন তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি সদস্য ছিলেন—ম্যানহাটনের হান্টার কলেজের বাইরে একটি বিক্ষোভ থেকে তাঁকে হাত পেছনে জিপ-টাই দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়ানোর বিষয়ে ‘রেন্ট গাইডলাইনস বোর্ড’-এর ভোটের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তৎকালীন অ্যাসেম্বলি সদস্য মামদানি। ভিডিওতে তাঁকে নিয়ে যাওয়া কর্মকর্তাদের কাঁধে এসআরজির ব্যাজ এবং পিঠে ‘এনওয়াইপিডি স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ লেখা স্পষ্ট দেখা যায়।
এরও আগে ২০২১ সালের আগস্টে ডাউনটাউন ব্রুকলিনে উচ্ছেদ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর দাবিতে আয়োজিত এক বিক্ষোভে মাস্ক পরা অবস্থায় এসআরজি কর্মকর্তাদের হাতে জিপ-টাই বাঁধা অবস্থায় আটক হওয়ার একটি ভিডিও নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন মামদানি। সে সময় সহকর্মী অ্যাসেম্বলি সদস্য মার্সেলা মিতাইনসসহ মোট ১৭ জন গ্রেপ্তার হয়েছিলেন।
২০২৪ সালের জুনের ওই গ্রেপ্তারের মাত্র চার মাস পরই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন জোহরান মামদানি এবং শুরু থেকেই তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এসআরজি ইউনিটটি বিলুপ্ত করা। সোমবার এনওয়াইপিডি পুনর্গঠনের ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আজ আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করছি।”
নতুন পরিকল্পনা অনুযায়ী, এসআরজির পরিবর্তে এনওয়াইপিডি দুটি নতুন ইউনিট গঠন করবে, যারা সিটি হলের নতুন বেসামরিক নেতৃত্বাধীন ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’-এর সঙ্গে সমন্বয় করে বিক্ষোভে দায়িত্ব পালন করবে। এর একটি হলো যোগাযোগ ও পরিস্থিতি শান্ত করার প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ সদস্যের ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সাপোর্ট টিম’ এবং অন্যটি প্যাট্রোল সার্ভিসেস ব্যুরোর অধীনে ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ (পিএসডি)। বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে গেলে পিএসডির কর্মকর্তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে। এ ছাড়া বিক্ষোভকারীদের ঘিরে ফেলার বিতর্কিত কৌশল ‘কেটলিং’ (kettling), লং গান, পেপার স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহারের ওপরও আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মেয়র।
এদিকে, মেয়রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক হেনড্রি এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেন, “যাঁরা নিরাপদ ও সুশৃঙ্খল শহর চান, আজকের দিনটি নিউইয়র্কবাসীর জন্য ভালো দিন নয়। মেয়র মামদানি তাঁর আসল রূপ দেখাচ্ছেন; নিজের উগ্র সমর্থকগোষ্ঠীকে খুশি করতে তিনি নগরবাসীর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।” তবে এসআরজির সঙ্গে মামদানির অতীত সংঘাতের বিষয়ে সিটি হলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
