নড়াইলের কালিয়া উপজেলার বেন্দাচর গ্রামে কারাবন্দি সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি’র পৈতৃক বাড়িসহ আওয়ামী লীগের সমর্থক অন্তত দেড় শতাধিক পরিবারের বাড়িঘরে পাতানো নির্বাচনে ক্ষমতাসীন সরকারের দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপির উপস্থিতিতে এবং নির্দেশে কবিরুল হক মুক্তির বাড়িসহ পুরো গ্রানে আবারও হামলা চালানো হয়। গত ১৮ নভেম্বর নড়াইল-১ আসনের বিএনপি দলীয় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং মিঠু বিশ্বাসের উপস্থিতিতে জননেতা কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ বেন্দাচর গ্রামের অন্তত ১৫০টি পরিবারের বাড়িঘরে লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়। বাড়িতে অবস্থানরত নারী ও শিশুদের ওপরও বর্বর নির্যাতন চালানো হয়। যা একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। শুধু নড়াইল নয়, সারাদেশেই এরকম সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা চললেও দেশের গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কুখ্যাত হাওয়া ভবন-খোয়াব ভবন কেলেঙ্কারির জনক তারেক রহমান বলেছেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের (আওয়ামী লীগ) মাথা গুঁড়িয়ে দিতে হবে”। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরে রুহুল কবির রিজভীর প্রত্যক্ষ তদারকিতে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দাচর গ্রামসহ দেশের প্রায় ৯০ হাজার গ্রামেই হামলা, ভাঙচুর, দখল, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এভাবে সরকার সংসদীয় স্বৈরাচার থেকে ক্রমশ ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে শুরু করেছে। যা দেশকে দীর্ঘমেয়াদী বহুমাত্রিক সংকটে নিমজ্জিত করবে এবং এর দায়ভার বিএনপিকেই নিতে হবে।
বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আজ নড়াইলে বিএনপির দুজন শীর্ষ নেতার উপস্থিতিতে ও নির্দেশে যে তাণ্ডব চালানো হলো তা নজিরবিহীন। সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিবৃতিতে বলা হয়, দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে অবিলম্বে জনতার ৮-দফা দাবি বাস্তবায়ন করে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনুন, অন্যথায় আইয়ুব-ইয়াহিয়া খানের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুতি নিন।
সরকার ও সরকার দলীয় নেতাদের নির্দেশে দেশব্যাপী জ্বালাও-পোড়াও এবং দমনপীড়নের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ বলেছে, নির্যাতক ও অগ্নিসন্ত্রাসীদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। আবারও মুচলেকা দেবার সময় ঘনিয়ে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার করে বহুত্ববাদী ও সহাবস্থানের বাংলাদেশ নিশ্চিত করাই আওয়ামী লীগের অঙ্গীকার।
