নিজস্ব প্রতিবেদক
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এ আবেদন করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের দূতাবাসে এ ধরনের প্রথম যোগাযোগ। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডি সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তিনি।
রয়টার্সের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাঁকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করেছেন আইনজীবীরা।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
এর আগে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরা জানান, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
দীর্ঘ প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার দেশে ফেরার এই উদ্যোগকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
