ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ছোট ও মাঝারি আবাসিক ভবনের বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে নিউইয়র্ক সিটি স্যানিটেশন বিভাগ। ১ থেকে ৯টি ইউনিট থাকা ভবনগুলোতে সরকার নির্ধারিত বিশেষ ডাস্টবিন ব্যবহার না করলে আগামী ৮ সেপ্টেম্বর থেকে প্রথমবার ৫০ ডলার পর্যন্ত জরিমানা করা শুরু হবে। অসচেতনতা কাটাতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সতর্কতামূলক সময় পার করে ৮ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্তের পূর্ণাঙ্গ আইনি প্রয়োগ শুরু করবে সিটি কর্তৃপক্ষ।
স্যানিটেশন বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, অনধিক ৯টি ইউনিট থাকা সম্পত্তিগুলোতে কেবল ৫৫ গ্যালন বা তার চেয়ে কম ধারণক্ষমতার ও ঢাকনা সংবলিত ‘নিউইয়র্ক সিটি ডাস্টবিন’ ব্যবহার করতে হবে। ২০২৬ সালের ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হলেও নাগরিকদের প্রস্তুতি সম্পন্ন করতে নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়। নিয়মিত নিয়ম অমান্য করলে প্রথম অপরাধের জন্য ৫০ ডলার, দ্বিতীয় অপরাধের জন্য ১০০ ডলার এবং পরবর্তী প্রতিটি ভুলের জন্য ২০০ ডলার হারে জরিমানা চাপানো হবে। ১০ বা তার বেশি ইউনিট বিশিষ্ট ভবনের জন্য অবশ্য পৃথক বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বহাল থাকছে।
শহরের যত্রতত্র খোলা কালো প্লাস্টিক ব্যাগে ময়লা ফেলা বন্ধ এবং রাস্তায় ইঁদুরের উপদ্রব কমাতেই আধুনিক বর্জ্য সংগ্রহকারী যানের উপযোগী করে এই প্লাস্টিক বিনগুলো তৈরি করা হয়েছে। ভবন মালিক ও বাসিন্দাদের সুবিধার্থে স্থানীয় হোম ডিপোর বিভিন্ন বিক্রয় কেন্দ্র ও অনলাইনে এই নির্ধারিত বিনগুলো সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
