শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপির নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের দুই সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ককটেল বিস্ফোরণ, অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা। তাঁরা দুজনই আওয়ামী লীগের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের সমর্থক ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। সংঘর্ষের কারণে পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। তাঁর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। তাঁদের একজন শরীয়তপুরের এবং অপরজন মাদারীপুরের বাসিন্দা। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
