ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কয়েক দিনের ব্যবধানে প্রবাসী বাংলাদেশিসহ দুজনকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ঘাতক জেসুস অ্যাকোস্টাকে (৩১) গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। শহরজুড়ে কয়েক দিনের টানা চিরুনি অভিযানের পর শনিবার সকালে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে গত রোববার ব্রুকলিনের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামক রেস্তোরাঁয়। সেখানে আকস্মিক হামলা চালিয়ে ঘাতক জেসুস প্রথমে মোহাম্মদ রাসেল নামের এক প্রবাসীর পায়ে গুলি করে এবং পরবর্তীতে তার সহকর্মী দুই সন্তানের জনক মো. ইউসুফের (৪৪) মাথায় গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এর মাত্র দুদিনের ব্যবধানে মঙ্গলবার ব্রঙ্কসের ‘১৪৯ গ্রিল’ দোকানে ঢুকে তেভন শুলার নামের আরেক যুবককে বুকে গুলি করে ক্যাশবাক্সের অর্থ লুট করে পালিয়ে যায় সে। চিকিৎসাধীন অবস্থায় পরে শুলাদের মৃত্যু হয়।
দুই জায়গার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এনওয়াইপিডি নিশ্চিত হয় যে দুটি নৃশংস হত্যাকাণ্ডেই একই ব্যক্তি জড়িত। গ্রেপ্তারকৃত জেসুস অ্যাকোস্টার দীর্ঘ অপরাধমূলক ইতিহাস রয়েছে; ১৪ বছর বয়সে সশস্ত্র ডাকাতির মধ্য দিয়ে অপরাধজগতে নাম লেখানো এই সন্ত্রাসী ইতিপূর্বে ১৩ বার গ্রেপ্তার হয়েছে। সাবওয়ে স্টেশনে গুলি করার অপরাধে ১০ বছর কারাদণ্ড ভোগ শেষে গত এপ্রিলেই সে প্যারোলে মুক্তি পেয়েছিল। তাকে ধরতে এফবিআই ও স্থানীয় সংগঠন ৩৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
