ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা ও তাঁর বড় মেয়ে নির্মমভাবে নিহত হয়েছেন। বেথেসডার ইন্টারস্টেট ২৭০ (আই-২৭০) হাইওয়েতে গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মদ্যপ চালকের ভুল পথে গাড়ি চালানোর মাশুল দিতে গিয়ে প্রাণ হারান মুসাম্মাত শামীমা বেগম (৪৬) এবং তাঁর জ্যেষ্ঠ কন্যা আরিবা জাহিন (২৩)। তাঁরা ভার্জিনিয়ার বার্ক এবং আলেকজান্দ্রিয়া এলাকায় বসবাস করছিলেন।
মেরিল্যান্ড স্টেট পুলিশ সূত্রে জানা গেছে, ডেমোক্রেসি বুলেভার্ডের দক্ষিণে হাইওয়ের দক্ষিণমুখী অংশে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ফোর্ড মুস্তাং গাড়ি বাংলাদেশি পরিবারকে বহনকারী টয়োটা ক্যামরি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা শামীমা ও আরিবাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালকের আসনে থাকা শামীমার স্বামী ফারুক (৬২) এবং তাঁদের আট বছর বয়সী ছোট মেয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
তদন্ত শেষে পুলিশ জানায়, ফোর্ড মুস্তাং গাড়িটির চালক জোসে ক্যাবালেরো নোলাস্কো (৩২) চরম মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। মন্টগোমেরি কাউন্টির জার্মেনটাউনের ওই বাসিন্দাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে অবহেলাজনিত জোড়া হত্যা ও মদ্যপ অবস্থায় মৃত্যু ঘটানোর মারাত্মক অপরাধমূলক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে রকভিলের মন্টগোমেরি কাউন্টি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
