নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল এক্সপ্রেসওয়েতে যান চলাচল।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ইকবাল হোসেন অপু নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিহত ইব্রাহিমের মরদেহের ছবি পোস্ট করে তাঁর মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, ‘শরীয়তপুরের বীর ইব্রাহিম সিপাহী পদ্মা দক্ষিণ থানা এলাকায় লকডাউন কর্মসূচিতে শরীয়তপুর ও শিবচর বিএনপি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর উপযুক্ত বিচার হবেই। শহীদ ইব্রাহিম সিপাহীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।’
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।
অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্ত পুলিশ সদস্যও মোতায়েন ছিলেন। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ইব্রাহিম সিপাহীর মৃত্যুর বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
