ফোরটিন ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার চ্যানেল-১৪কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থা, দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তাঁর শারীরিক অবস্থা ভালো এবং তিনি মানসিকভাবেও দৃঢ় রয়েছেন। দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি।’
বাংলাদেশকে নিজের দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কাছ থেকে দূরে থাকতে চান না তিনি। দেশে ফিরে আবারও মানুষের সঙ্গে সরাসরি দেখা করার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহের কথাও জানান তিনি।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারেও দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কূটনৈতিক মহলেও নানা আলোচনা চলছে।
তবে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি আইনি ও কূটনৈতিক বাস্তবতার সঙ্গেও সম্পর্কিত। বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার কথা বলে আসছে।
অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে আসছেন।
