নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধ্যক্ষ সম্মিলনে অংশ নেওয়া অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যালেন্ডারটি প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মিলনে অংশগ্রহণকারীদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় এক পাশে রাষ্ট্রপতি এবং অন্য পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ছাপানো হয়েছে। নিচে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি রয়েছে।
ছবিতে থাকা ব্যানারে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ।’ এ ছাড়া ব্যানারে বেগম খালেদা জিয়ার ছবির নিচে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ লেখা রয়েছে।
বিষয়টি সম্মিলনে অংশ নেওয়া ব্যক্তিদের নজরে আসার পর তোলপাড় সৃষ্টি হয়। ক্যালেন্ডারে এমন ভুলকে কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এ ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতিমধ্যে ক্যালেন্ডারটি প্রত্যাহার করা হয়েছে। নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানো হবে।
তিনি আরো বলেন, ক্যালেন্ডারটির ডিজাইন ধানমণ্ডি অফিস থেকে চূড়ান্ত করা হয়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
