বিশেষ প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ার মুখে অস্ত্রসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী ক্যান্টনমেন্টে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিটু আকন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আটক করে মারধরের পর জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ তথ্য জানিয়েছেন। তবে পুলিশ এ ধরনের আটকের ঘটনা অস্বীকার করেছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আওয়ামী লীগের নেতাদের ভাষ্য অনুযায়ী, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পরে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় বিএনপির কয়েকজন অস্ত্রধারী ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করেন।
জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ক্যান্টনমেন্টে প্রবেশ করা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিটু আকনও ছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আটক করে মারধর করেন এবং জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আটকের ঘটনা অস্বীকার করা হয়েছে।
এদিকে একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হয়েছেন। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। তাঁরা হলেন জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক উদ্দিন রুবেল মাদবর এবং যুবলীগ কর্মী আক্কাস আলী। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ রুবেল মাদবরের ভাই আরিফের অভিযোগ, আওয়ামী লীগের মিছিল চলার সময় বিএনপির নেতাকর্মীরা গুলি চালান। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। তাঁর ভাইয়ের শরীরে তিনটি গুলি লেগেছে। এর মধ্যে একটি পায়ে এবং অন্যটি কোমরে বিদ্ধ হয়েছে। গুলিগুলো এখনো শরীরের ভেতরে রয়েছে। নিরাপত্তার কারণে আহতরা কোন হাসপাতালে চিকিৎসাধীন, তা জানাননি তিনি।
সংঘর্ষের পর বিএনপির নেতাকর্মীরা সরে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ১২ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের আরেকটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।
সংঘর্ষের কারণে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট এবং ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ রাতভর দায়িত্ব পালন করেছে। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
এদিকে বরিশাল বিভাগের প্রবেশপথ টেকেরহাট মোড় দখল করে সমাবেশ করছে আওয়ামী লীগ। একইভাবে খুলনা বিভাগের প্রবেশপথ মধুমতি সেতুর পূর্ব প্রান্তের ভাটিয়াপাড়া মোড়েও অবস্থান নিয়ে সমাবেশ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
