ফোরটিন ডেস্ক : আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আন্দোলনের খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেছেন। আন্দোলনকারীদের জ্বালাও-পোড়াও ও সহিংসতা পরিহার করে স্বাভাবিকভাবে আন্দোলন করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে বেশ কিছু পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। অবরোধের খবর পেয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি।
বরিশালের সাকুরা পরিবহনের কর্মকর্তা পলাশ হাওলাদার বলেন, সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। তবে অন্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
