ফোরটিন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল করলে তাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। একই সমাবেশে মিছিলের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া পৌরসভার আদর আলী কমপ্লেক্সের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব বক্তব্য দেন তাঁরা। তাঁদের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া উপজেলার নেতাকর্মীরা রেলওয়ে স্কুল-সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় একটি মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া জংশন সাধারণ সম্পাদক রেজায়েন রাব্বি ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী শেখ ইমরান হোসেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আখাউড়া পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের সড়কবাজার ঘুরে মায়াবী সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে আদর আলী কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে বলেন, ‘এই আপার জন্য মায়াকান্না করে তারা মিছিল করে, রাজপথে আগুন-সন্ত্রাস করে।’
তিনি আরও বলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে মিছিলে নেতৃত্ব দিয়েছেন বলে তিনি শুনেছেন। এ সময় ইকবাল হোসেনের বাড়ি নিয়ে প্রশ্ন তুলে সিরাজুল ইসলাম বলেন, ‘ইকবাল হোসেনের বাড়ির ইট তো থাকার কথা নয়। আপনারা কী করেছেন? আপনারা তো কিছুই করতে পারেননি। এই ইকবাল হোসেনের বাড়ি আখাউড়ায় থাকে কীভাবে?’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি দেখতে চাই, রাজপথে ফ্যাসিস্ট যেখানে মিছিল করবে, সেখানেই প্রতিহত করতে হবে। যারা, যাদেরকেই চিহ্নিত করা যাবে, তাদের বাড়ি গুঁড়িয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আপস করা যাবে না।’ এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা বাংলাদেশে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আখাউড়ায় কোনো মিটিং-মিছিল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বাড়িঘর পুড়িয়ে দিতে হবে। পাশাপাশি সীমান্তের চেকপোস্টে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুরসহ স্থানীয় নেতাকর্মীরা।
