ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের পর নির্ধারিত আইনি প্রক্রিয়ায় স্বজনদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও গ্রিন কার্ড অর্জনের জন্য স্পনসর করার সুবিধা মেলে। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, একজন নাগরিক মূলত চার ধরনের নিকটাত্মীয়কে পারিবারিক অভিবাসন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন জানাতে পারেন। তবে আত্মীয়তার সম্পর্কের ধরন অনুযায়ী ভিসা পাওয়ার সময়সীমা ও যোগ্যতার শর্তাবলীতে বৈচিত্র্য থাকে।
মার্কিন ইমিগ্রেশন ব্যবস্থার প্রধান দুইটি ভাগ হলো—‘ইমিডিয়েট রিলেটিভ’ এবং ‘ফ্যামিলি প্রেফারেন্স’ ক্যাটাগরি। মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান এবং ২১ বছর বা তার বেশি বয়সী নাগরিকের জন্মদাতা বাবা-মা সরাসরি ‘ইমিডিয়েট রিলেটিভ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এই ক্যাটাগরিতে প্রতি বছর নির্দিষ্ট কোনো ভিসা কোটা বা বাৎসরিক সীমান্ত থাকে না, ফলে অপেক্ষাকৃত কম সময়ে ভিসা প্রাপ্তি সম্ভব হয়।
অন্যদিকে, ২১ বছরের বেশি বয়সী সন্তান, বিবাহিত সন্তান এবং নাগরিকের ভাই-বোনদের আবেদন করতে হয় ‘ফ্যামিলি প্রেফারেন্স’ ক্যাটাগরিতে। প্রতি বছর নির্দিষ্ট কোটা নির্ধারিত থাকায় এবং দীর্ঘ অপেক্ষমাণ তালিকা থাকায় এই ক্যাটাগরিতে ভিসা পেতে আবেদনকারীদের দীর্ঘ বছর অপেক্ষা করতে হয়। এ ছাড়া কেবল নাগরিকই নন, স্থায়ী গ্রিন কার্ডধারীরাও সীমিত পরিসরে তাঁদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের জন্য স্পনসরশিপের সুযোগ পান।
