নিজস্ব প্রতিনিধি :
নড়াইল সদর থানা পুলিশ মক্তবে শিশুদের যৌন হয়রানির অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭)। তিনি উপজেলার রুখালী গ্রামের বাসিন্দা এবং চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। ।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। ভুক্তভোগী এক শিশুর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। ।
মামলার বিবরণ অনুযায়ী, আমিনুল ইসলাম ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় স্থানীয় শিশুদের মক্তবে আরবি পড়াতেন। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘ দিন ধরে সেখানে পড়তে আসা শিশুদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। গত ৫ মে এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে তিনি যৌন হয়রানি করেন। ।
ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে সব জানালে ঘটনাটি জানাজানি হয়। পরবর্তীতে অন্যান্য শিশুদের কাছে খোঁজ নিয়ে জানা যায় যে, তাদের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে আমিনুল পালানোর চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ।
ওসি অজয় কুমার কুন্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম তাঁর অপরাধ স্বীকার করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
