নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী কোনো অপশক্তি এ দেশের নায়ক হতে পারে না উল্লেখ করে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, জামায়াতে ইসলামীর উপযুক্ত জায়গা বাংলাদেশ নয়, বরং পাকিস্তান; তাদের সেখানেই পাঠানো হবে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান নির্বাচিত সরকারের প্রতি বিভিন্ন মহলের সমালোচনার জবাবে ক্ষোভ প্রকাশ করে পাপিয়া বলেন, “নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। এর জবাবে আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তানেই পাঠানো হবে।”
মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তারা হবে এ দেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম যাবে ইন্ডিয়া আর লন্ডন—এটা কখনোই হতে পারে না।” জামায়াতের রাজনৈতিক অবস্থানকে কঠোর ভাষায় আক্রমণ করে তিনি আরও বলেন, “খাসির মাংস খাব বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নেই। কোনো সচেতন মুসলমান মৃত্যুর আগে দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে না।”
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের সতর্ক করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। মা-বোনদের বলতে চাই, আর ভুল করবেন না। বিরিয়ানির প্যাকেট আর নেবেন না, নতুন বোরকা নেবেন না এবং দুইশ টাকার লোভে শফিক সাহেবের মিটিংয়ে যাবেন না।” বিএনপিকে জনগণের নিজস্ব সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের সাধারণ মানুষের মুখের হাসি ফোটাতে এবং অধিকার রক্ষায় বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
