নিজস্ব প্রতিবেদক, ‘10 Years Together, Caring Forever’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজন
ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে উদ্যাপিত হয়েছে গোল্ডেন এইজ হোম কেয়ারের দশ বছর পূর্তি। রোববার, ৮ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের ও জাতিগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, তাঁর স্ত্রী রানো নেওয়াজ এবং কন্যা সাদিয়া নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অতিথিরা তাঁদের পরিবারের সুখ, সমৃদ্ধি এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
দশ বছর পূর্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়, মানুষের পাশে দাঁড়ানোরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি তাঁর বাবার কাছ থেকে পাওয়া শিক্ষার কথা স্মরণ করে বলেন, প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পাশাপাশি একজন সমাজকর্মী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে মানুষের জন্য কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তিনি বলেন, “মানুষের ভালোবাসা, বিশ্বাস আর দোয়াই আমার পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি।”
শাহ নেওয়াজ বলেন, ব্যবসার বাইরেও কমিউনিটির মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। কখনো ব্যক্তিগতভাবে, আবার কখনো গোল্ডেন এইজ পরিবারের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে করোনা মহামারির কঠিন সময়ে প্রতিষ্ঠানটি আর্থিক লোকসানের মুখে পড়লেও মানুষের সেবায় সহযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তিনি।
কমিউনিটির প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে শাহ নেওয়াজ বলেন, “আমার কাছে যদি দুটি ডলার থাকে, তার একটি ডলার আমার কমিউনিটির জন্য।” মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই তাঁকে এবং তাঁর প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে শাহ নেওয়াজ আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর ভূমিকার কথাও তুলে ধরেন। সমাজের নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনা মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে পত্রিকাটিও কমিউনিটির সেবায় কাজ করছে বলে জানান তিনি।
এ সময় শাহ নেওয়াজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এনওয়াই ইন্স্যুরেন্সের কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সঙ্গে ইতোমধ্যে ১০ হাজারের বেশি পরিবার যুক্ত হয়েছে।
শাহ নেওয়াজ বলেন, গোল্ডেন এইজ হোম কেয়ারের দশ বছরের পথচলা শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাফল্যের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সেবাগ্রহীতা, কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পুরো কমিউনিটির মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা। এ দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ছিল আপ্যায়নের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় শিল্পীদের সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অতিথিরা আনন্দের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
দশ বছর পূর্তির এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “10 Years Together, Caring Forever.” এক দশকের সেবা, আস্থা ও মানবিকতার পথচলা পেরিয়ে গোল্ডেন এইজ হোম কেয়ার ভবিষ্যতেও কমিউনিটির মানুষের পাশে থেকে সেবার পরিধি আরও বিস্তৃত করবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
Comments
