নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশনটি। একই সময়ে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায়ও আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।
তিনি বলেন, লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে যাত্রী থাকলেও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করার সময় ভেতরে কেউ ছিলেন না।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে বাসে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
