নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মসজিদের মাত্র ২০ মিটার এবং খেয়াঘাটের ৫০ মিটারের মধ্যে প্রকাশ্যেই দিনদুপুরে বসছে শত শত মানুষের মাদকের হাট। চারপাশে সিসিটিভি ক্যামেরা দিয়ে আগন্তুকদের ওপর নজরদারি, বহিরাগত প্রবেশে সশস্ত্র মহড়া এবং নিজস্ব নেটওয়ার্কে এলাকা নিয়ন্ত্রণ—গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে গড়ে ওঠা হাজি মাজার বস্তির চিত্র এটি। অপরাধীদের দাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ পুলিশ সদস্যরাও সেখানে অভিযানে যেতে চরম আতঙ্ক প্রকাশ করছেন।
গত ৬ নভেম্বর মাজার বস্তির ভেতরে মাদক কেনাবেচার চিত্র অনুসন্ধানে গিয়ে চিহ্নিত মাদক কারবারিদের নৃশংস হামলার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক। তাদের নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল বেধড়ক মারধর করে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, ‘এমনকি আমরা পুলিশ সদস্যরাও সেখানে যেতে ভয় পাই। পরিস্থিতি দেখে মনে হয় বাংলাদেশের ভেতরে যেন এটি এক আলাদা স্বাধীন রাষ্ট্র। দল বেঁধে গেলেও কিছু করা যায় না, তথ্য সংগ্রহ করতে গিয়ে সম্প্রতি এক সহকর্মীকে নিয়ে কোনোমতে প্রাণ হাতে নিয়ে ফিরে আসতে হয়েছে।’
আব্দুল্লাহপুর সংলগ্ন তুরাগ নদের পাড়ে প্রায় পাঁচ একর জমির এই বস্তিতে অন্তত ৩০ হাজার মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই মাদকের বিশাল নেটওয়ার্ক এবং চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কব্জায়। বস্তির প্রবেশপথগুলোতে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সাইনবোর্ডসর্বস্ব পাঁচটি কার্যালয় দেখা গেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের একাধিক বড় বিলবোর্ডও টানানো রয়েছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকায় মাদক সিন্ডিকেটটি এখন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, সরু গলির দোকান থেকে শুরু করে তুরাগ নদের ঘাট পর্যন্ত ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, প্যাথেডিন, বিদেশি মদ ও দেশি চোলাই মদের অবাধ কারবার চলছে। ইজতেমা ময়দানের কাছে ২৬ ও ২৭ নম্বর শৌচাগার ভবনের পেছনে গড়ে উঠেছে কাপড়ের তৈরি প্রায় ৩০ থেকে ৪০টি অস্থায়ী গোপন ডেরা। এসব ডেরা মাদকসেবীদের কাছে দৈনিক ভাড়ায় দেওয়া হয়। মাদক সরবরাহ চেইনে ‘ভাবি’ নামে পরিচিত একাধিক প্রভাবশালী নারী কলকাঠি নাড়ছেন বলেও অভিযোগ স্থানীয়দের।
এর আগে বিভিন্ন সময়ে পুলিশ ও রাজউক বস্তিতে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা, শীতাতপ নিয়ন্ত্রিত আস্তানা এবং মাদক পাচারের সুড়ঙ্গ গুঁড়িয়ে দিয়ে বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন করলেও কাজের কাজ কিছুই হয়নি। নতুন করে সিসিটিভি বসিয়ে এবং তুরাগ নদ দিয়ে নৌপথে পালানোর বিকল্প পথ তৈরি করে আবারও সিন্ডিকেট গড়ে তুলেছে অপরাধীরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকারী কমিশনার মো. আশিক সাঈদ জানিয়েছেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। টঙ্গী মাজার বস্তিসহ পুরো এলাকায় বিশেষায়িত ইউনিট নিয়ে দ্রুত সমন্বিত ও কঠোর সাঁড়াশি অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
