নিজস্ব প্রতিনিধি
নাটোরের সিংড়া থানায় গভীর রাতে একটি মন্দিরে বাসুদেব মূর্তি চুরির চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কয়েকজন সদস্যকে জনতা আটক করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার একটি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কয়েকজন ব্যক্তি বিজিবি সদস্য পরিচয়ে স্থানীয় মন্দিরে প্রবেশ করে বাসুদেব মূর্তিটি চুরির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এসময় জনরোষ থেকে বাঁচতে আটককৃতরা ৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে বলে এলাকাবাসী দাবি করেছেন। তবে গ্রামবাসী একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের পরিচয় বিজিবি সদস্য বলে দাবি করা হলেও, তারা প্রকৃত বিজিবি সদস্য নাকি ভুয়া পরিচয় ব্যবহার করছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সিংড়া থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আটককৃতরা সত্যিই বিজিবির সদস্য কি না এবং গুলির ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সিংড়া এলাকায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সতর্ক অবস্থানে ছিল। এর আগে গত সপ্তাহে সিংড়ার তিশিঘালী মাজারের দানবাক্স চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
