বিশেষ প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। সংঘর্ষের জেরে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার পর উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সিপাহী যুবলীগের কর্মী। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। আহত দুজন হলেন জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক উদ্দিন রুবেল মাদবর এবং যুবলীগ কর্মী আক্কাস আলী। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। এ সময় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দুই পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গোলাগুলির পাশাপাশি পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। সেখানে থাকা অন্তত ১২ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের আরেকটি খাবার হোটেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিতে এবং ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়।
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল মাদবরের ভাই আরিফের অভিযোগ, আওয়ামী লীগের মিছিল চলার সময় বিএনপির নেতাকর্মীরা গুলি চালান। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। তাঁর ভাইয়ের শরীরে তিনটি গুলি লেগেছে। এর মধ্যে একটি পায়ে এবং অন্যটি কোমরে বিদ্ধ হয়েছে। গুলিগুলো এখনো শরীরের ভেতরে রয়েছে।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও নিরাপত্তার কারণে কোন হাসপাতালে ভর্তি রয়েছেন, তা জানাননি আরিফ।
এদিকে পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ রাতভর দায়িত্ব পালন করছিল বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান। তিনি বলেন, পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কয়েকজন এসে ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ প্রাণহানি ছাড়াই তাঁদের প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে সংঘর্ষ ও অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বরিশাল বিভাগের প্রবেশপথ টেকেরহাট মোড় দখল করে সমাবেশ করছে আওয়ামী লীগ। একইভাবে খুলনা বিভাগের প্রবেশপথ মধুমতি সেতুর পূর্ব প্রান্তের ভাটিয়াপাড়া মোড়েও অবস্থান নিয়ে সমাবেশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
