জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন পেট্রল পাম্প মালিকরাও।
ঘটনার সূত্রপাত নীলফামারী জেলায়। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, একটি তেলবাহী লরি যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ চলছিল। ওই সময় নীলফামারীর এনডিসি নিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত লরিটিতে তল্লাশি চালায়। কেবিনে থাকা দুটি জারকিনে ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধারের পর অবৈধভাবে তেল বহনের অভিযোগে চালক শ্রী কৃষ্ণচন্দ্র, সহকারী রিফাত ও একরামুল হককে ছয় মাসের কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এই ঘটনাকে ‘অযৌক্তিক ও পুলিশি হয়রানি’ আখ্যা দিয়ে রোববার সকাল থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা।
রোববার দুপুরে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশে বক্তারা এনডিসি নিয়াজ ভূঁইয়ার অপসারণ এবং দণ্ডপ্রাপ্ত তিন শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে। পার্বতীপুর রেলহেড ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় ইতোমধ্যে উত্তরাঞ্চলের অনেক পাম্পে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
