নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা এখন পূর্ব পাকিস্তান।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এ আদেশ দেন।
শুনানির সময় কড়া নিরাপত্তার মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করেন। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ দেখাতে পারেনি।’
এ সময় নারী পুলিশ সদস্যরা তাঁর মুখে হেলমেট চেপে ধরেন। পরে দ্রুত তাঁকে গাড়িতে তোলা হয়।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাঁদের ওপর গুলি চালানো হলে এনামুল হক নামে এক ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি।
মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। অভিযোগে তাঁদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
গ্রেপ্তারের আগে পুলিশের উপস্থিতিতে বাসার দরজার সামনে থেকে দীর্ঘ সময় ফেসবুক লাইভ করেন জ্যোতি। লাইভে পুলিশের সঙ্গে তাঁকে বাগবিতণ্ডা করতে দেখা যায়। তাঁর বিরুদ্ধে কী অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা জানতে চান তিনি।
পুলিশকে জ্যোতি বলেন, ‘প্রয়োজনে আমি সকালে আপনাদের অফিসে যাব। কিন্তু এখন যাব না।’
দরজা ভাঙার চেষ্টা করা হলে লাইভে তিনি বলেন, ‘আমার দরজা ভাঙার কোনো অধিকার আপনাদের নেই। এটা কিন্তু খুব খারাপ হবে।’ পরে পুলিশকে হাতকড়া না পরানোর অনুরোধও জানান তিনি। শেষ পর্যন্ত তাঁকে বাসা থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটকের পর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভের ভিডিও আর পাওয়া যায়নি।
জানা যায়, জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে দলটির মনোনয়নপত্র কিনেছিলেন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন চেয়েছিলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বরে তাঁর সেই নিয়োগ বাতিল করা হয়। শিল্পী ও কলাকুশীদের নিয়ে আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন তিনি।
