নিজস্ব প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জে আরবি পড়তে আসা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মুছা মিয়া নামের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামে; তার বাবার নাম মনিরুল ইসলাম। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমাম ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মসজিদে আরবি পড়তে যেতো ভুক্তভোগী কিশোরী। অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর ওই কিশোরীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন ইমাম মুছা মিয়া। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে (২৮ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর) তাকে ধর্ষণ করেন তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরীর মা বাদী হয়ে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। পরবর্তীতে দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
