নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে গুরুদাসপুরের আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা আদালতের পরিদর্শক আসমাউল হক। এর আগে সোমবার রাতে সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে হেলমেট পরা মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি শাকিলের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এরপর পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার ১২ দিন পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই তদন্তের ভিত্তিতে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
