সদর থেকে টুঙ্গিপাড়া, এইটুকু পথে অন্তত ৭০-৮০ জায়গায় ব্যারিকেড। রাস্তাজুড়ে পড়ে আছে গাছের গুড়ি, মাইকে বাজছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ। অনলাইনে আসা ভিডিওগুলোতে দেখে মনে হয় এখানে যুদ্ধ হয়ে গেছে। আর আমরা যা দেখছি, ঘটনা তার চেয়েও বড়। ডিসেম্বর এখনো আসেনি, তার আগেই এই অবস্থা।
যে দলকে বিগত আড়াই বছর ধরে নিপীড়ন করে নির্মূলের চেষ্টা চালানো হলো, তার পিঠ একসময় দেয়ালে ঠেকবেই। তখন সে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে তার নিজের অস্তিত্ব রক্ষার জানান দেয়। ইরানকে নিয়ে আমেরিকা মাসের পর মাস দরকষাকষি করছে কারণ ইরান দেখিয়ে দিয়েছে সে ফেলনা নয়। আওয়ামী লীগও সেই বার্তাই দিচ্ছে। অনলাইন পুরোটাই প্রায় তাঁদের দখলে, সিনিয়র নেতারা একে একে দেশে ফিরছেন, সাঈদ খোকন তো কিছুদিন আগেই দেশে ফিরলেন। আন্তর্জাতিক মিডিয়ায় তাঁদের কর্মসূচির খবর ছাপা হচ্ছে গুরুত্ব দিয়ে। বামাতি সুশীলরা বলেছিলো, দেশে লীগের ব্যানার ধরার লোক থাকবে না। কথাটা যে সত্য নয়, বিএনপি সেটা ভালো করেই হাড়ে হাড়ে টের পাচ্ছে।
এর মধ্যে ইউরোপের কাগজে গার্মেন্টসের সহিংসতা আর গাজীপুরের রাস্তার ছবি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। গার্মেন্টস পড়ে গেলে দেশ দাঁড়িয়ে থাকে না। ক্ষমতাসীন বিএনপির তাতে কতটা যায় আসে, সেটাই প্রশ্ন। ক্ষমতায় থাকলেই যাদের চলে, অর্থনীতির ডুবে যাওয়া তাদের কাছে বড় চিন্তা নয়। দায় যার হাতে ক্ষমতা, সামলানোর কথাও তার।
‘৯৪ থেকে ‘৯৬ সালে, আর ২০০১ থেকে ‘০৬ সালে বিএনপির আগের মেয়াদগুলোতে তারা আওয়ামী লীগের ওপর কী তান্ডব চালিয়েছিল, তা মানুষের মনে আছে। পুরো পাকিস্তান আমল বিরোধী দলে থেকেই যে দল দেশ স্বাধীন করেছে, তাকে সহিংসতা দিয়ে নিঃশেষ করা যায় না। রাজনীতি করার অধিকার একটা দলের থাকবেই। বিএনপির যদি সত্যিই মুরোদ থাকে, পারলে রাজনৈতিকভাবে মোকাবেলা করুক গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে। কিন্তু বিএনপির তো এখন মাথা ঢাকতে গিয়ে পেছন উদোম হয়ে যাওয়ার অবস্থা চলছে!
