নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গিত ফোবানা সম্মেলনের জন্য অনবদ্য একটি থিম সং লিখে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালী। ০৪ সেপ্টেম্বর ৪০ তম ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পরিবেশন করা হয়।
“অক্ষরে সাজাই বর্ণমালা, বঙ্গবন্ধুর বাংলাদেশ,” শিরোনামের এই গানটি দলমত নির্বিশেষে সকলেই পছন্দ করেছেন। গানের কথার পাশাপাশি সুর ও কণ্ঠও শ্রুতিমধুর হয়েছে। সুর করেছেন গুণী সুরকার ইবরার টিপু এবং কণ্ঠ দিয়েছেন শাহ মাহবুব ও বিন্দুকণা।
হুমায়ূন কবীর ঢালী এর আগে বাংলাদেশ ডে প্যারেড ও সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের থিম সং লিখেছেন। আগের গানগুলোও দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।
তবে শ্রোতারা ফোবানার গানটিকেই এগিয়ে রাখছেন। ইতিমধ্যে গানটি ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে বঙ্গবন্ধু প্রেমীদের মন জয় করে নিয়েছে। কারণ কি? গানের গীতিকার হুমায়ূন কবীর ঢালী জানালেন, “কোনো একটি বিষয়ে লিখতে গিয়ে যদি লেখকের ভাব-ভাবনা ও চেতনার সাথে মিশে যায়, তখন সেই লেখাটি উৎরে যেতে বাধ্য।” শিশুসাহিত্যিক হিসেবে ঢালীর অধিক খ্যাতি থাকলেও বড়দের জন্য যে-কটি উপন্যাস-প্রবন্ধ ও কবিতা লিখেছেন, প্রায় সবগুলোই প্রশংসিত হয়েছে। মূলত সব মাধ্যমেই তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। উল্লেখ্য যে, হুমায়ূন কবীর ঢালী ছোটদের ও বড়দের মিলিয়ে শতাধিক গ্রন্থ লিখেছেন। বিশ্বের বিভিন্ন ভাষায় তার লেখা অনুবাদ ও প্রকাশ হয়েছে।
