ফোরটিন ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ফুটবল উৎসবের আনন্দ আর উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নিল এক বিভীষিকাময় রক্তপাতে। খেলা শেষ করে যখন দর্শকেরা মাঠ ছাড়ছিলেন, ঠিক তখনই স্টেডিয়ামের বাইরে হঠাৎ শুরু হয় তুমুল গোলাগুলি। এতে ১১ বছরের এক অবুঝ শিশুসহ অন্তত ১১ জন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন এবং সব মিলিয়ে আহত হয়েছেন ১২ জন। রক্তক্ষয়ী এই হামলায় আহতদের অর্ধেকই অপ্রাপ্তবয়স্ক।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টালাহাসিতে ফ্লোরিডা এঅ্যান্ডএম ইউনিভার্সিটির (ফ্যামু) বার্ষিক ‘হোমকামিং গেম’ শেষ হওয়ার পর শনিবার রাতে ঘটে এই সহিংস ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের ঠিক বাইরেই ঘটে এই তাণ্ডব।
টালাহাসি পুলিশপ্রধান লরেন্স রেভেল জানান, গুলির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীসহ মোট ১১ জন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, যার মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। বাকি আটজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তদন্তকারীদের প্রাথমিক তথ্য বলছে, এই হামলা পূর্বপরিকল্পিত কোনো জঙ্গি বা নির্বিচার হামলা ছিল না। ক্যাম্পাসের কাছে উপস্থিত কয়েকজনের মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বিরোধ মাত্রা ছাড়িয়ে যায় এবং একপর্যায়ে অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা।
পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দাবি করা হলেও আনন্দ উৎসবের মাঝে এমন অপ্রাপ্তবয়স্কদের ওপর অস্ত্রের আঘাত স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক তৈরি করেছে। হামলাকারী চক্রকে ধরতে এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস শনাক্ত করতে ইতিমধ্যে বড় পরিসরে তদন্তে নেমেছে মার্কিন পুলিশ।
