ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে প্রথমবারের মতো নিজস্ব বাড়ির মালিক হতে আগ্রহীদের জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তার সুযোগ নিয়ে এসেছে সিটি প্রশাসন। ‘হোমফার্স্ট ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’-এর আওতায় যোগ্য ক্রেতারা বাড়ি কেনার প্রাথমিক ডাউন পেমেন্ট কিংবা চূড়ান্ত ক্লোজিং খরচ মেটাতে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত সরাসরি সহায়তা পেতে পারেন।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচপিডি) এই বিশেষ কর্মসূচিটি পরিচালনা করছে। সম্প্রতি বৈশ্বিক আবাসন প্রতিষ্ঠান ‘সেঞ্চুরি ২১’-এর আয়োজিত এক সেমিনারে সম্ভাব্য ক্রেতাদের সামনে এই উদ্যোগের বিস্তারিত নিয়মাবলি ও যোগ্যতার শর্তগুলো তুলে ধরা হয়। মূলত নিউইয়র্কের পাঁচটি বরো—কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন এবং স্ট্যাটেন আইল্যান্ডে বাড়ির লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিয়ে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে বাড়ি কিনতে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচির আওতায় এক থেকে চার পরিবারের বসবাসের উপযোগী একক বা বহুতল বাড়ি, কনডোমোনিয়াম এবং কো-অপারেটিভ অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এই তহবিল ব্যবহার করা যাবে। তবে ক্রেতাকে অবশ্যই ‘প্রথমবার ক্রেতা’ হতে হবে, যার অর্থ আবেদন করার আগের তিন বছরের মধ্যে তাঁর নামে কোনো বাড়ির মালিকানা থাকা চলবে না। একই সঙ্গে কেনা বাড়িটি কোনো ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নয়, আবেদনকারীর নিজস্ব প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে।
আর্থিক যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারী পরিবারের মোট বার্ষিক আয় সংশ্লিষ্ট এলাকার মধ্যম আয়ের (এএমআই) সর্বোচ্চ ১২০ শতাংশের মধ্যে থাকতে হবে। এছাড়া ক্রেতার নিজস্ব তহবিল থেকে বাড়ির মূল্যের অন্তত ৩ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট হিসেবে দেওয়ার সক্ষমতা থাকা বাধ্যতামূলক। চূড়ান্ত অনুমোদনের আগে এইচপিডি অনুমোদিত নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে বাড়ি ক্রয়সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সও সম্পন্ন করতে হবে ক্রেতাকে।
এই সহায়তার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সাধারণ ঋণের মতো নিয়মিত কিস্তিতে শোধ করতে হয় না। এটি মূলত একটি শর্তসাপেক্ষ মওকুফযোগ্য ঋণ (ফরগিভেবল লোন)। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বছর পর্যন্ত ওই বাড়িতে বসবাসসহ কর্মসূচির শর্তগুলো যথাযথভাবে মেনে চললে এই ঋণের পুরো অর্থই পরবর্তীতে মওকুফ করে দেওয়া হয়।
